
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে জুমার নামাজের সময় ঘরে একা পেয়ে বাক ও শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৬) যৌন নিপীড়ন ও ধর্ষণ চেষ্টার ঘটনায় অভিযুক্ত সিরাজুল ইসলাম (৬৫)-কে গ্রেপ্তারে অভিযান জোরদার করেছে পুলিশ। এদিকে ভুক্তভোগী কিশোরীর শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ১২টা ২০ মিনিটে উপজেলার ১নং আলমপুর ইউনিয়নের চিকলী বাজার এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার সময় কিশোরীর মা পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন এবং পরিবারের অন্য সদস্যরা জুমার নামাজে মসজিদে ছিলেন।
এই সুযোগে প্রতিবেশী সিরাজুল ইসলাম ঘরে ঢুকে ওই কিশোরীর ওপর যৌন নিপীড়ন চালান। পরে মা বাড়িতে ফিরে মেয়েকে কাঁদতে দেখে কারণ জানতে চাইলে, বাক-প্রতিবন্ধী কিশোরী ইশারায় ও অস্পষ্ট কথায় তার ওপর ঘটা পাশবিক নির্যাতনের বিবরণ দেয়। এই ঘটনায় ভিক্টিমের মা বাদী হয়ে তারাগঞ্জ থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত সিরাজুল ইসলামের আচরণ ও চরিত্র দীর্ঘদিন ধরেই বিতর্কিত। এর আগেও তার বিরুদ্ধে এলাকায় একাধিক নারীঘটিত কেলেঙ্কারির অভিযোগ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাগঞ্জ থানার ওসি (তদন্ত) খন্দকার আবদুল্লাহ আল মাহমুদ জানান, ঘটনাটি জানার পরপরই লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভিক্টিমের শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। অভিযুক্ত আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ টিম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে।