
তরিকুল ইসলাম তরুন | কুমিল্লা
কুমিল্লায় আওয়ামী লীগ সরকারের আমলে গড়ে ওঠা কিশোর গ্যাং এবং দলীয় কর্মসূচিতে অনুপ্রবেশকারী কথিত ‘গুপ্ত লীগ’ সদস্যদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছে কুমিল্লা মহানগর ছাত্রদল। একই সঙ্গে একটি মিছিলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন পোর্টালে নিজের বিরুদ্ধে প্রচারিত অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সংগঠনটির সহ-সভাপতি ও জেলা আইন ছাত্র ফোরামের যুগ্ম আহ্বায়ক মো. মহসিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মহসিন বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় সন্ত্রাস ও নৈরাজ্যের রাজনীতি প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই সময় গড়ে ওঠা কিশোর গ্যাংয়ের কারণে আজও সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কুমিল্লা মহানগর ছাত্রদল কঠোর অবস্থানে রয়েছে এবং কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি অভিযোগ করেন, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে কিছু কথিত ‘গুপ্ত লীগ’ সদস্য পরিকল্পিতভাবে বিভিন্ন কর্মসূচিতে অনুপ্রবেশের চেষ্টা করছে। এ বিষয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
নিজের বিরুদ্ধে প্রচারিত অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিয়ে মহসিন বলেন, “ওয়ার্ড ছাত্রদলের দায়িত্বে থাকাকালে আমি একাধিকবার তৎকালীন সরকারের নির্যাতনের শিকার হয়েছি। সম্প্রতি আমার একটি মিছিলের ছবিতে এক কিশোর গ্যাং সদস্যকে দেখিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। ওই যুবকের মিছিলে উপস্থিতি কিংবা তার ব্যক্তিগত কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা ছিল না এবং তার পরিচয় সম্পর্কেও আমার পূর্বধারণা ছিল না।”
তিনি অভিযোগগুলোকে ষড়যন্ত্রমূলক উল্লেখ করে বিভ্রান্তিকর প্রচারে কান না দেওয়ার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে কুমিল্লা মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রোমান, সহ-সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আরমানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।