
খলিলুর রহমান খলিল নিজস্ব প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জে এসআরবি’র চলমান মাদকবিরোধী অভিযানে ৯০ পিস ইয়াবা এবং ৪ বোতল এস্কাফসহ মবু (৫৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর রাতে কিশোরগঞ্জ থানাধীন পুটিমারি ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি-১৩, সিপিসি-২ (নীলফামারী ক্যাম্প)।এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুটিমারি ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী মবুকে মাদক কেনাবেচার সময় হাতেনাতে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এবং ৪ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত মবু দীর্ঘদিন ধরে এলাকায় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তার এই মাদক কারবারের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছিল।
এই ঘটনার পর এসআরবি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামির বিরুদ্ধে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামত ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি কর্তৃপক্ষ জানায়, মাদকের বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এসআরবি-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং এই চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।