
তরিকুল ইসলাম তরুন | কুমিল্লা প্রতিনিধি
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে বনভোজনে যাওয়া মেডিকেল কলেজ শিক্ষার্থীদের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের ৪০ জন শিক্ষার্থী বার্ষিক বনভোজনে কক্সবাজার যাচ্ছিলেন। জিংলাতলী এলাকায় পৌঁছালে চালক বাসের নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠান। এ ঘটনার পর শিক্ষার্থীরা তাদের বনভোজন বাতিল করে বরিশালে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন।
আহত শিক্ষার্থীরা হলেন— যাওয়াৎ, ফেরদৌস, কৌশী, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।
দাউদকান্দি হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূর উদ্দিন বাহার বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাস থেকে শিক্ষার্থীদের উদ্ধার করে। বাসটিতে ৪০ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে ২০ জন আহত হন এবং গুরুতর ৯ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”