
আজিজুল ইসলাম যশোর প্রতিনিধি: যশোর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেলে শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির নাম মোঃ সিরাজুল ইসলাম রিপন (৩৭)। তিনি শার্শা উপজেলার বাদে নাভারণ (পশ্চিম পাড়া) এলাকার মোঃ নজরুলের ছেলে এবং বর্তমানে বুরুজবাগান এলাকার আব্দুল মালেকের বাসার ভাড়াটিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, জেলা পুলিশের গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার এসআই মোঃ সাইফুল ইসলাম ও এসআই মোঃ আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি চৌকস টিম শহরের ঝুমঝুমপুর আদর্শপাড়া এলাকায় অভিযান চালায়। দুপুর ২:৪৫ ঘটিকায় অ্যাডভোকেট রোকনুজ্জামান-এর বাড়ির সামনের কাঁচা রাস্তার ওপর থেকে সিরাজুল ইসলামকে আটক করা হয়। পরবর্তীতে তার সাথে থাকা একটি কালো রঙের স্কুল ব্যাগ তল্লাশি করে ভেতরে লুকানো অবস্থায় ২৭,০০০ (সাতাশ হাজার) পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, যশোর জেলা পুলিশ সুপারের নির্দেশে মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।