
আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোলে ২১ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি শফিয়ার রহমান শফির (৫৫) আটকের সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিকদের ওপর চড়াও হয়েছে এক অজ্ঞাতপরিচয় নারী। দৈনিক স্পন্দনের বেনাপোল প্রতিনিধি শেখ কাজিম উদ্দিনকে ফোন করে মামলা ও কৈফিয়ত চাওয়ার পাশাপাশি হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। একই নম্বর থেকে স্থানীয় আরও কয়েকজন সাংবাদিককেও অনুরূপ হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১১টার দিকে ০১৫৩৩-৮৯৫৩৮৯ নম্বর থেকে সাংবাদিক শেখ কাজিম উদ্দিনের কাছে একটি কল আসে। ফোনে ওই নারী শফিয়ার রহমানের গ্রেপ্তারের খবর কেন প্রকাশ করা হলো তা নিয়ে কৈফিয়ত দাবি করেন এবং সাংবাদিকের বিরুদ্ধে মামলার হুমকি দেন। পরিচয় জানতে চাওয়া হলে তিনি তা প্রকাশ না করে ‘মামলার কপিতে দেখা হবে’ বলে হুঁশিয়ারি দেন। বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামের মৃত হাফিজুর রহমানের ছেলে শফিকে গত বুধবার (২০ আগস্ট) দুপুরে বেনাপোল বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার বিবরণ অনুযায়ী, আরবি ট্রান্সপোর্ট এজেন্সির স্বত্বাধিকারী এইচ এম আবুল বাশারের কাছ থেকে ভারত থেকে আমদানিকৃত পণ্যের ভ্যাট-ট্যাক্স সোনালী ব্যাংকের মাধ্যমে পরিশোধের কথা বলে ২১ লাখ টাকা কমিশন নেন শফি। তিন বছর ধরে টাকা পরিশোধ না করায় আদালতে মামলা করেন আবুল বাশার। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে যশোরের আদালতে সোপর্দ করে।
সাংবাদিককে অদেখা নারীর ফোনে হুমকির বিষয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আদালতের পরোয়ানার ভিত্তিতেই আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এদিকে পেশাগত তথ্য প্রকাশের কারণে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সাংবাদিক শেখ কাজিম উদ্দিনসহ বেনাপোলের স্থানীয় সংবাদকর্মীরা।