
আজিজুল ইসলাম, বেনাপোলঃ বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর সীমান্ত এলাকায় ভারী বর্ষণ ও বন্যায় ক্ষতিগ্রস্ত গরিব ও অসহায় পরিবারগুলোর মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) দৌলতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সরেজমিনে উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন ২১ বিজিবি-র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান। অনুষ্ঠানে এলাকার ৭০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে চাল, আটা, চিনি, ডাল, সয়াবিন তেল এবং লবণসহ বিভিন্ন প্রয়োজনীয় শুকনা খাবার তুলে দেওয়া হয়।
বিজিবি অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবি-র নৈতিক ও মানবিক দায়িত্ব। দেশের যেকোনো সংকটময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের সহযোগিতায় বিজিবি-র এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।