
আজিজুল ইসলাম, যশোর প্রতিনিধি:
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ১২ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
বৃহস্পতিবার (২০ আগস্ট) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) বিশেষ টহলদলসহ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্টের টহলদল সীমান্তবর্তী এলাকায় এ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ৮১টি ভারতীয় শাড়ী, ৫টি শাল চাদর, ১.৫ কেজি জিরা, ৪১ কেজি ফুসকা, ১৮ হাজার ৪টি ওষুধ, ৮৪০টি চকলেট এবং ৬৩৮টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৭৯ হাজার ৯০০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রকে আটক করতে বিজিবির বিশেষ পরিকল্পনায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে। চোরাচালান প্রতিরোধে সীমান্তে বিজিবির এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।