
তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা:
কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী ও কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনোয়ার হোসেন।
সোমবার (১০ আগস্ট) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক আবু সালে মো. তারিক মাহমুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
আনোয়ার হোসেন সভাপতি নির্বাচিত হওয়ার খবর প্রকাশের পর বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। বিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, আনোয়ার হোসেনের মেধা, অভিজ্ঞতা, দক্ষতা ও দূরদর্শী চিন্তাভাবনা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষাব্যবস্থা চালু, প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসার এবং শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে।
স্থানীয় শিক্ষানুরাগী ড. শাহজাহান মজুমদার বলেন, “নিজ ইউনিয়নের একজন মেধাবী, সফল ও প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব বিদ্যালয়ের দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত। আনোয়ার হোসেন নিজেও এ প্রতিষ্ঠানের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তাই তাঁর মাধ্যমে বিদ্যালয়টি নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমরা বিশ্বাস করি।”
অন্যদিকে আনোয়ার হোসেন বলেন, “বিদ্যালয়ের মতো একটি পবিত্র অঙ্গনে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া সামাজিক মর্যাদা ও আনন্দের বিষয়। এখন আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রত্যাশা পূরণ করে প্রতিষ্ঠানের শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার মান আরও উন্নত করা।”
তিনি আরও বলেন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর পরিবেশ তৈরিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা নিয়ে কাজ করবেন।
স্থানীয়রা আশা করছেন, নতুন এডহক কমিটির মাধ্যমে ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়নে নতুন গতি আসবে।