
আজিজুল ইসলামঃ যশোর প্রতিনিধি: যশোর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি’র একটি টহলদল সীমান্ত এলাকায় এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ২৯টি ভারতীয় শাড়ী, ১টি কম্বল, ৮ কেজি ফুসকা, ১৫০টি চকলেট এবং ৩৫৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭ হাজার ৫২৮ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানী মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম নিয়মিত অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে বিজিবি সদস্যরা প্রতিনিয়ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে চোরাচালান ও যেকোনো অপতৎপরতা বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।