
কে এম সোহেব জুয়েল ঃ
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ গণিত সম্মেলন ‘International Congress of Mathematicians (ICM)-2026′-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রানী বিশ্বাস।
গত ২৩ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে তার অংশগ্রহণ বাংলাদেশের গণিত, গবেষণা ও উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। ’ICM 2026′-এ বিশ্বের ৭৮টি দেশের গণিতবিদ, গবেষক ও শিক্ষাবিদ অংশগ্রহণ করেন। এই সম্মেলনে প্রায় তিন হাজার ১৭০জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন এবং মোট ৩হাজার ৭৪২ জন নিবন্ধন সম্পন্ন করেন।
বরিশাল বিশ্ববিদ্যালয় গণিত বিভাগের ড. হেনা রানী বিশ্বাস সম্মানজনক ‘ICM-2026’ Travel Support Program Award অর্জন করেন। এই অ্যাওয়ার্ডের আওতায় তার বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় আসা-যাওয়ার বিমান ভাড়া, কনফারেন্স রেজিস্ট্রেশন ফি, আবাসন, স্থানীয় খাবার, স্থানীয় পরিবহন এবং হোটেল-সংক্রান্ত পরিবহন ব্যয় বহন করা হয়।
সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ‘World Meeting for Women in Mathematics (WM²)’-এ ড. হেনা রানী বিশ্বাস তার গবেষণা উপস্থাপন করেন। যেটি ২২ জুলাই ২০২৬ অনুষ্ঠিত হয়েছিল। এ সময় তিনি বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট গণিতবিদ ও গবেষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতার নতুন সম্ভাবনা তৈরি করেন।
ড. হেনা রানী বিশ্বাসের এই আন্তর্জাতিক অংশগ্রহণ ও সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের গণিত গবেষণার জন্যও একটি গৌরবময় অধ্যায় বলে মনে করেন গণিত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।