
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়
অদ্য ২৭ নভেম্বর ২০২৬ তারিখ সেক্টর কমান্ডার, ঠাকুরগাঁও কর্তৃক বাংলাবান্ধা আন্তর্জাতিক সমন্বিত চেকপোস্ট (আইসিপি) ও সংশ্লিষ্ট সীমান্ত এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ইমিগ্রেশন পুলিশ, তেঁতুলিয়া থানা পুলিশ, পোর্ট ম্যানেজারসহ আইসিপিতে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সীমান্ত নিরাপত্তা জোরদার, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়াও সীমান্ত দিয়ে বিতর্কিত কোন ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে সেবিষয়ে আইসিপিতে বিদ্যমান কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, নজরদারি ও তদারকি কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। পাশাপাশি বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও সুসংহত করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া, বিজিবিএম, পিএসসি, সেক্টর কমান্ডার, ঠাকুরগাঁও বলেন, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা ও প্রয়োজনীয় তথ্য আদান-প্রদান আরও জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সীমান্তে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান। এসময় তার সাথে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস, পদাতিক উপস্থিত ছিলেন।