
কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে এক গৃহবধূকে জোরপূর্বক তুলে নিয়ে শ্লীলতাহানিতার চেষ্টা, মারধর এবং দুই শিশু সন্তানকে নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগে দায়ের করা হয়েছে। গত ২৭নভেম্বর (শুক্রবার) সকালে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের গাছপাড়ী (টুপামারী) গ্রামে এ ঘটনা ঘটে। এর আগে গত ১৭সেপ্টেম্বর জমি রেজিস্ট্রি করতে গিয়েও হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী।
থানার অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, কুড়িগ্রামের নাগেশ্বরী থানার বেরুবাড়ী ইউনিয়নের গাছপাড়ী (টুপামারী) গ্রামের বাসিন্দা এনামুল হকের সঙ্গে তারই ভাই ফজলুল হক মটু ও আশরাফ আলীসহ প্রতিবেশী বুলু মিয়ার (৩৫) দীর্ঘ চার বছর ধরে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার বিষয়টি আপোষের চেষ্টা করেও ব্যর্থ হন। পারিবারিক নগদ টাকার প্রয়োজনে এনামুল হক তার নিজ নামীয় জমি ৭শতাংশ একই এলাকার মতিয়ার রহমানের কাছে ৪ লাখ টাকায় বিক্রির সিদ্ধান্ত নেয় এবং গত ১৭ সেপ্টেম্বর দুপুর ১২টায় নাগেশ্বরী সাব-রেজিস্ট্রি অফিসে দলিল করতে গেলে অভিযুক্ত ফজলুল হক মটু ও আশরাফ আলী সেখানে উপস্থিত হয়ে তাকে গালিগালাজ ও মারধর করেন। সে সময় ফজলুল হকের হাতে থাকা লোহার চাবির আঘাতে এনামুল হকের বাম হাতের কনুইয়ে রক্তাক্ত জখম হয় এবং তিনি নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়।
আরও উল্লেখ, ওই ঘটনার জের ধরে ২৭ নভেম্বর সকাল আনুমানিক ১১টায় এনামুল হকের স্ত্রী শাপলা বেগম ও শিশু ছেলে সোহাগ বাবু শাকিব ও মেয়ে মাহি আক্তার বাড়িতে অবস্থানকালে অভিযুক্তরা বাড়িতে প্রবেশ করে শাপলা বেগমকে জোরপূর্বক প্রতিবেশী মাহাবুরের বাড়ির পশ্চিম দুয়ারী ঘরে নিয়ে যান। সেখানে ফজলুল হক তাকে জোরপূর্বক শ্লীলতাহানিতার চেষ্টা করলে তিনি চিৎকার শুরু করেন। এ সময় অন্য অভিযুক্তরা কাঠের বাটাম দিয়ে তাকে বেধড়ক মারধর করে শরীরের বিভিন্ন স্থানে ছিলাফোলা ও রক্ত জমাট জখম করেন। মাকে বাঁচাতে এগিয়ে গেলে ছেলে শিশু শাকিব ও মেয়ে মাহিকেও মারধর করা হয় এবং হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরা হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে শাপলা বেগমকে উদ্ধার করেন। যাওয়ার সময় অভিযুক্তরা তার কাছে থাকা একটি নকিয়া বাটন ফোন ও একটি স্যামসাং স্মার্টফোন ছিনিয়ে নেয় এবং ভবিষ্যতে হত্যা করে লাশ গুমের হুমকি দেয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগী ও মামলার বাদী এনামুল হক বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আমার সাথে বিরোধ চলছে। আমি আমার বৈধ জমি বিক্রি করতে চাইলে তারা বাধা দেয়। রেজিস্ট্রি অফিসে আমাকে মেরে আহত করার পর এবার আমার স্ত্রী ও নিষ্পাপ সন্তানদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। আমার স্ত্রীকে শ্লীলতাহানিতার চেষ্টা ও সন্তানদের গলা চেপে ধরার মতো ঘটনা ঘটিয়েছে। আমি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
ঘটনার প্রত্যক্ষদর্শী সুফিয়া খাতুন, বুলবুলি বেগম, নির্মল লাল, সাবুলসহ অনেকে বলেন, চিৎকার শুনে আমরা দ্রুত এগিয়ে যাই। গিয়ে দেখি অভিযুক্তরা শাপলা বেগমকে মারধর করছে এবং তার পরনের কাপড় টানাটানি করছে। আমরা গিয়ে তাকে উদ্ধার করি। বাধা দিতে গেলে আমাদের সামনেই তারা ভয়ভীতি দেখায় ও হুমকি দিয়ে চলে যায়।
অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে ফজলুল হক মন্টু বলেন, জমি নিয়ে আমাদের মধ্যে বিরোধ রয়েছে ঠিকই বলে ফোন কেটে দেন।
এ বিষয়ে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ মোঃ এনামুল হক প্রধান বলেন, ঘটনাটি আমরা অবগত হয়েছি। লিখিত এজাহারের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।