কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে যশোর জেলা বিএনপির সহসভাপতি, কেশবপুর উপজেলা বিএনপির টানা ১৯ বছরের সভাপতি এবং মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ আবু বক্কর আবুর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে কেশবপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে প্রেসক্লাবের আয়োজনে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জয়দেব চক্রবর্তী।
স্মরণসভায় বক্তব্য দেন মরহুম আবু বক্কর আবুর সহোদর ভাই আবুল কাশেম, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের প্রতিনিধি রুহুল কুদ্দুস, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি আজিজুর রহমান, সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আশরাফ উজ জামান খান এবং সহসভাপতি ও দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি আব্দুল হাই সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সাবেক কোষাধ্যক্ষ সামসুর রহমান, বিএনপি নেতা ও ছাত্রদলের সাবেক নেতা আব্দুল গফুর, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সময়ের খবরের প্রতিনিধি মেহেদী হাসান জাহিদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
স্মরণসভা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা খলিলুর রহমান।