
পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ মোঃ তোফাজ্জল হোসেন
নওগাঁর পোরশায় পোরশা উপজেলা বালিকা ফুটবল দলকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে সাপাহার উপজেলা বালিকা ফুটবল দল।সোমবার (১৬ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় পোরশা উপজেলার নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতা। একের পর এক আক্রমণ ও পাল্টা আক্রমণে মাঠজুড়ে সৃষ্টি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। দুই দলই গোলের জন্য সর্বোচ্চ চেষ্টা চালায়। তবে শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে শিরোপা নিজেদের করে নেয় সাপাহার বালিকা ফুটবল দল।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রাকিবুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব মোহাম্মদ হোসেন মোল্লা ।প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রাকিবুল ইসলাম বলেন, তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতিও মনোযোগী হতে হবে। বর্তমানে অনেক তরুণ মোবাইল ফোনে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ছে। পাশাপাশি কেউ কেউ মাদকের ঝুঁকিতেও জড়িয়ে যাচ্ছে। এসব আসক্তি থেকে বেরিয়ে এসে তরুণদের পড়াশোনা, খেলাধুলা ও সুস্থ বিনোদনে নিজেদের সম্পৃক্ত করতে হবে।তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি মানুষের শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে, মন প্রফুল্ল থাকে এবং তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে। তাই ঘরে বসে কিংবা মোবাইল ফোনে অতিরিক্ত সময় ব্যয় না করে মাঠে এসে খেলাধুলায় অংশগ্রহণের জন্য তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব জিয়াউর রহমান, হেকস/ইপারের সিনিয়র পার্টনারশিপ কো-অর্ডিনেটর জনাব রুকনুজ্জামান ইসলাম, ভারপ্রাপ্ত ক্রীড়া সম্পাদক জনাব মোঃ সালাউদ্দিন, ক্রীড়া ধারাভাষ্যকার জনাব মনিরুল ইসলাম এবং প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ তোফাজ্জল হোসেন।এ ছাড়া উপস্থিত ছিলেন সাপাহারের মোঃ আব্দুল বাশেদ, টিমের কোচ সবুজ চাঁন খালকো, প্রধান রেফারি জনাব মোঃ আবু রউফ, সহকারী রেফারি শহিদুল ইসলাম এবং লাইনম্যান আব্দুল বারেক ও মোঃ শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।সংশ্লিষ্টরা মনে করেন, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে নারী ফুটবলের প্রসার, মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধি এবং নতুন প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও ইতিবাচক জীবন গঠনে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।