ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।।
১৫ নভেম্বর ২০০৭ সালে বাংলাদেশের উপকূলীয় মানুষের জীবনে এসেছিল এক ভয়াবহ রাত। সুপার সাইক্লোন সিডরের আঘাতে মুহূর্তেই লণ্ডভণ্ড হয় দক্ষিণাঞ্চলের জনপদ। সেদিন বাতাসের তাণ্ডব আর জলোচ্ছ্বাসে প্রাণ হারিয়েছিলেন হাজারো মানুষ। স্বজন, বসতভিটা, ফসলি জমি ও জীবিকার অবলম্বন হারিয়ে নিঃস্ব হয় লাখো পরিবার। সেই ভয়াল রাত পেরিয়ে ১৯ বছর কেটে গেছে। তবে সেই ক্ষত আজও শুকায়নি। প্রান্তিক জনপদে লেপটে আছে সিডরের দগদগে ছাপ। দুর্যোগের পূর্বাভাস কিংবা বিপদ সংকেত শুনলে আজও অনেকেই আঁতকে ওঠেন, মনে ফিরে আসে সেই ভয়াল রাতের স্মৃতি। তবুও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে উপকূলের মানুষ।
ঘূর্ণিঝড় সিডরের আরেক নাম ছিল ট্রপিক্যাল সাইক্লোন ৬বি। শ্রীলঙ্কান শব্দ সিডর-এর অর্থ চোখ। ২০০৭ সালের নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করতে থাকে ঘূর্ণিঝড়টি। ৯ ও ১০ নভেম্বর থেকে আবহাওয়ায় এর প্রভাব নিয়ে আলোচনা শুরু হয়। ১১ নভেম্বর থেকে দুর্যোগের আভাস পাওয়া গেলেও ঘূর্ণিঝড়ের গতিপথ ও আঘাতের সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা ছিল।
১৩ নভেম্বর আন্দামান দ্বীপপুঞ্জের কাছে শক্তিশালী অবস্থান তৈরি করে সিডর। বাংলাদেশ ও ভারতের উপকূলে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হলে আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তা দিতে শুরু করে। ১৪ নভেম্বর সারা দেশের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। এদিন প্রথমে পাঁচ নম্বর সতর্ক সংকেত দেওয়া হলেও রাতে তা আট নম্বর বিপদ সংকেতে উন্নীত হয়। বঙ্গোপসাগরে সিডর তখন দ্রুত শক্তি সঞ্চয় করছিল।
১৫ নভেম্বর সকাল থেকেই উপকূলীয় এলাকায় মেঘলা আকাশ, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও দমকা বাতাস শুরু হয়। জোয়ারের পানিও ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। সতর্ক সংকেত বাড়তে থাকলেও ঘূর্ণিঝড়টির ভয়াবহতা সম্পর্কে অধিকাংশ মানুষ ধারণা করতে পারেননি। অনেকেই ভেবেছিলেন, প্রতিবছরের মতোই একটি সাধারণ ঝড় বা বন্যা হবে।
রাত সাড়ে ৯টার দিকে শুরু হয় ঝড়ের তাণ্ডব। বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় প্রায় ৩০৫ কিলোমিটারে পৌঁছায়। বাতাসের অকল্পনীয় বেগ দেখে কিছুটা ভীতসন্ত্রস্ত হয় দক্ষিণাঞ্চলের জনপদ। রাত সাড়ে ১০টার দিকে উপকূলীয় জনপদে আছড়ে পড়ে ভয়াবহ জলোচ্ছ্বাস। বঙ্গোপসাগর থেকে যমদূত হয়ে উঠে আসে ২০ ফুট উচ্চতার ঢেউ। মুহূর্তেই জনপথগুলো পরিণত হয় মৃত্যুপুরীতে। ঢেউ মুহূর্তেই ভাসিয়ে নিয়ে যায় ঘরবাড়ি, গাছপালা ও মানুষ। যাদের অধিকাংশ ছিল নারী, শিশু ও বৃদ্ধ। মাত্র ১০ মিনিট স্থায়ী হয় জলোচ্ছ্বাসটি। এতে হাজারো মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ে। শত শত ঘরবাড়ি, স্কুল, মসজিদ-মন্দির বাতাসের তোড়ে উড়ে যায়। প্রাণ হারায় অগণিত গৃহপালিত ও বন্যপ্রাণী। দুমড়ে-মুচড়ে যায় গাছপালা। নষ্ট হয় হাজার হাজার হেক্টর জমির ফসল। সুন্দরবনের প্রায় এক-চতুর্থাংশ ক্ষতিগ্রস্ত হয়। গৃহহীন হয়ে পড়ে লাখো পরিবার। মাছ ধরার নৌকাসহ তিন হাজার জেলে নিখোঁজ হয়।
১৬ নভেম্বরের সকালেই উপকূলের বুকে দৃশ্যমান হয়ে ওঠে ধ্বংসের ক্ষতচিহ্ন। ভেঙে পড়া গাছ-বিদ্যুতের খুঁটি, বিধ্বস্ত ঘরবাড়ি, ছড়িয়ে-ছিটিয়ে থাকা আসবাব এবং নদী-খাল-চরে পড়ে থাকা মানুষের লাশ। কোথাও গাছের ডালে ঝুলে ছিল মরদেহ, কোথাও কাদামাটি ও ধ্বংসস্তূপের মধ্যে আটকে ছিলেন আহত মানুষ। নিখোঁজ স্বজনদের খুঁজতে শুরু হয় আহাজারি।
সরকারি হিসাব অনুযায়ী, সিডরে ৩ হাজার ৪০৬ জন নিহত এবং ১ হাজার ৩ জন নিখোঁজ হন। আহত হন প্রায় ৫৫ হাজার মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জেলাগুলোর মধ্যে ছিল বরগুনা, বাগেরহাট, পটুয়াখালী ও পিরোজপুর। সরকারি হিসাবে শুধু বরগুনা জেলাতেই নিহত হয়েছিলেন ১ হাজার ৩৪৫ জন। তবে বেসরকারি হিসাবে এ সংখ্যা আরও কয়েকগুণ বেশি।
সিডরের পর উপকূলীয় এলাকায় আশ্রয়কেন্দ্র নির্মাণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও প্রান্তিক মানুষের অভিযোগ, দুর্যোগ মোকাবিলার সক্ষমতা এখনো পর্যাপ্ত নয়।বেড়িবাঁধের দুর্বলতা ও রক্ষণাবেক্ষণের অভাব নিয়েও ক্ষোভ রয়েছে উপকূলবাসীর। তাঁদের অভিযোগ, অনেক এলাকায় পর্যাপ্ত বাঁধ নেই, আবার যেসব বাঁধ রয়েছে সেগুলোও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। জোয়ার ও জলোচ্ছ্বাসের নোনা পানি স্লুইসগেট দিয়ে ঢুকে ফসলের ক্ষতি করছে। স্লুইসগেট পরিচালনা নিয়ে স্থানীয় কৃষক ও মাছ চাষিদের মধ্যে বিরোধও তৈরি হচ্ছে। এ সমস্যা সমাধানে পানি উন্নয়ন বোর্ড ও ইউনিয়ন পরিষদের সমন্বয়ে স্থানীয় কৃষকদের অংশগ্রহণে স্লুইসগেট পরিচালনার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা।
সিডরের ১৯ বছর পরও উপকূলের মানুষের জীবন থেকে সেই আতঙ্ক মুছে যায়নি। কোনো বন্যা, জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড়ের পূর্বাভাস এলেই নতুন করে উৎকণ্ঠা তৈরি হয়। বিশেষ করে যারা স্বজন হারিয়েছেন, তাদের কাছে বিপদ সংকেত মানেই পুরোনো ক্ষত ফিরে আসা।