
লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন উপজেলার ৫ নম্বর লালমোহন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. সাদ্দাম হোসেনের সমর্থনে আনন্দ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
শুক্রবার সন্ধ্যায় চেয়ারম্যান বাজারের উত্তর মাথা থেকে মিছিলটি শুরু হয়। পরে বাজারের দক্ষিণ মাথা প্রদক্ষিণ করে মধ্যবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে স্থানীয় তরুণসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে উপস্থিত থেকে স্থানীয় কয়েকজন তরুণ সমর্থক বলেন, বিপদে-আপদে, খেলাধুলা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সাদ্দাম হোসেন সবসময় তরুণদের পাশে থেকেছেন। কোনো পদ-পদবি না থাকলেও এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁর ভূমিকা প্রশংসনীয়।
বক্তারা আরও বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলায় উৎসাহিত করতে সাদ্দাম হোসেন দীর্ঘদিন ধরে কাজ করছেন। নির্বাচিত হলে তিনি তরুণদের উন্নয়ন ও এলাকার জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও ভূমিকা রাখবেন বলে তাদের প্রত্যাশা।
সমাবেশ থেকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে মো. সাদ্দাম হোসেনকে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।