
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্ত্রী ও আট বছর বয়সী মেয়েকে নিয়ে নিখোঁজ হওয়ার পাশাপাশি নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্ত্রী ও মেয়েকে উদ্ধারের পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন রনি দাস (৩২)।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, প্রায় ১৪ বছর আগে লতা রায়ের (২৮) সঙ্গে রনি দাসের বিয়ে হয়। তাঁরা পীরগঞ্জ পাড়িয়া মাদ্রাসা-সংলগ্ন একটি ভাড়া বাসায় বসবাস করতেন। দাম্পত্য জীবনে তাঁদের আট বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
অভিযোগে রনি দাস উল্লেখ করেন, গত ৫ অক্টোবর সকালে তিনি পীরগঞ্জ উপজেলার ৭ নম্বর হাজীপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মস্থলে যান। এ সময় তাঁর স্ত্রী মেয়েকে সঙ্গে নিয়ে বাসা থেকে বের হয়ে যান। দুপুরে বাড়িতে ফিরে স্ত্রী ও মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তিনি। পরে দেখতে পান, বাসার বিভিন্ন মালামাল, স্বর্ণালংকার, কম্পিউটার, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ প্রয়োজনীয় জিনিসপত্রও নেই। এ ছাড়া নগদ ২ লাখ ৫০ হাজার টাকাও নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
রনি দাসের দাবি, স্ত্রীর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সেটি বন্ধ পান। আত্মীয়স্বজন ও প্রতিবেশীদের কাছে খোঁজ নিয়েও স্ত্রী ও মেয়ের কোনো সন্ধান পাননি।
রনি দাস বলেন, তাঁদের সংসার ভালোভাবেই চলছিল। কিন্তু কারও কুপরামর্শে তাঁর স্ত্রী অজ্ঞাত এক ব্যক্তির সঙ্গে তাঁর উপার্জিত সম্পদ নিয়ে চলে গেছেন বলে তিনি আশঙ্কা করছেন। এ ঘটনায় স্ত্রী ও মেয়েকে উদ্ধার এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।