
চারঘাট (রাজশাহী) প্রতিনিধি:
শীতের সকালে একটু উষ্ণতা, সঙ্গে ভালোবাসা ও সহমর্মিতার উপহার। জীবিকার তাগিদে প্রতিদিন রাস্তায় ছুটে চলা শ্রমজীবী মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন চারঘাট পৌরসভার মেয়র পদপ্রার্থী আসাদুজ্জামান জুয়েল।
বুধবার (১১ নভেম্বর) সকালে পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে রিকশা ও ভ্যানচালকের হাতে শীতের হুডি দেন তিনি।
এ সময় হুডি পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন চালকেরা। তাদের অনেকেই জীবিকার তাগিদে শীত-গরম উপেক্ষা করে প্রতিদিন রাস্তায় রিকশা ও ভ্যান চালান। এমন উদ্যোগ তাদের কাছে কিছুটা স্বস্তি ও উষ্ণতার বার্তা নিয়ে আসে।
আসাদুজ্জামান জুয়েল বলেন, "রিকশা ও ভ্যানচালকেরা আমাদের সমাজের অত্যন্ত পরিশ্রমী মানুষ। শীতের সকালে তাদের কষ্টের কথা চিন্তা করেই এই ছোট্ট আয়োজন। আমি মনে করি, মানুষের পাশে দাঁড়ানোর জন্য বড় আয়োজনের প্রয়োজন নেই, প্রয়োজন একটি সুন্দর মন ও আন্তরিকতা। সামর্থ্য অনুযায়ী সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই।
তিনি আরও বলেন, মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে চারঘাট পৌরসভার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা তাঁর।
স্থানীয়দের মতে, শীতের শুরুতে শ্রমজীবী মানুষের জন্য এমন উদ্যোগ মানবিক সহমর্মিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।
মোঃ মোজাম্মেল হক
চারঘাট, রাজশাহী