
মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির নলছিটিতে পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ৪৫টি ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা ব্রিজের ওপর অভিযান চালিয়ে মোহাম্মদ সাব্বির হোসেন (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৪০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি নলছিটি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নান্দিকাঠি গ্রামের হেমায়েত উদ্দিন হাওলাদারের ছেলে।
অন্যদিকে রাত সাড়ে ১১টার দিকে একই এলাকার টাক বাজারে মাহাতাব খানের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা হলেন খুলনার কোতোয়ালি থানার দারোগাপাড়া এলাকার মো. সুমন হাওলাদার (২৪), বরিশালের মুলাদী উপজেলার উত্তর পাথরচর এলাকার মো. মজিদ উদ্দিন বেপারী (৩২) এবং শেরপুরের নকলা উপজেলার খারজান এলাকার মো. আকাশ মীর (২২)। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জান সোহাগ বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পৃথক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে