মোঃ দেলোয়ার হোসেন বাবু।।স্টাফ রিপোর্টার ।।
জয়পুরহাটের ক্ষেতলালে পুলিশের অভিযানে ১৯টি মামলার আসামি আশরাফ আলী আকন্দ ওরফে ‘আশরাফ ডাকাত’কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চুরি, ডাকাতির প্রস্তুতি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অপরাধে মোট ১৯টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় আরও দুজনের জড়িত থাকার তথ্য পেয়েছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
গ্রেপ্তার আশরাফ আলী আকন্দ ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের বড়তারা কুচিপাড়া গ্রামের আফতাব আলী আকন্দের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আশরাফের বিরুদ্ধে ক্ষেতলাল থানাসহ জয়পুরহাট সদর, কালাই ও বগুড়া সদর থানায় একাধিক মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ডাকাতির প্রস্তুতি, সংঘবদ্ধ ডাকাতি, চুরি, মাদকসংক্রান্ত অপরাধ ও মারামারির অভিযোগ রয়েছে। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে।
পুলিশ আরও জানায়, এর আগেও তাকে গ্রেপ্তারের জন্য ক্ষেতলাল ও কালাই থানা পুলিশ একাধিকবার তার বাড়িতে অভিযান চালায়। তবে প্রতিবারই কৌশলে পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদে এ ঘটনার সঙ্গে আরও দুজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তবে চলমান তদন্তের স্বার্থে তাদের নাম ও ঠিকানা প্রকাশ করেনি পুলিশ।
সর্বশেষ গত ৭ নভেম্বর ক্ষেতলাল থানায় দায়ের করা ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্যসংক্রান্ত মামলাতেও আশরাফকে সন্দিগ্ধ আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম জানান, আশরাফ আলী আকন্দের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৯টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এ ঘটনায় আরও দুজনের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে পুলিশি পাহারায় গ্রেপ্তার আশরাফ আলী আকন্দকে জয়পুরহাটের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।