খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রংপুরের তারাগঞ্জে পালিত হয়েছে ঐতিহাসিক ৭ নভেম্বর। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদ্যাপন উপলক্ষে আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১১.০০ টায় তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে দিবসের তাৎপর্য ব্যাখ্যা ও বীর মুক্তিযোদ্ধাগণের সমন্বয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মোনাববর হোসেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেন প্রমুখ। এছাড়া এই আয়োজনে অংশ নেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধাগণ।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি ও জাতীয় জীবনে এর গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সভাপতি ও উপস্থিত অতিথিবৃন্দ।