
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:
শিক্ষার্থীদের মেধা বিকাশ, পড়াশোনায় উৎসাহ বৃদ্ধি ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘১ম আদর্শ মেধাবৃত্তি পরীক্ষা’।
শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার মান্নারগাও ইউনিয়নের আমবাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। তরুণ উদ্যোক্তা কয়েছ আহমদ ও মিজানুর রহমানের উদ্যোগে এবং বৃহত্তর এলাকার যুবসমাজের সম্মিলিত প্রচেষ্টায় এ পরীক্ষার আয়োজন করা হয়। এতে দোয়ারাবাজার ও সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির পরিদর্শক মুজিবুর রহমানের সার্বিক সহযোগিতা এবং স্থানীয় যুবসমাজ ও শিক্ষানুরাগীদের আন্তরিক প্রচেষ্টায় পরীক্ষাটি সফলভাবে সম্পন্ন হয়। এছাড়া ও আমবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান আহমদ প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়ে মেধাবৃত্তি পরিক্ষা সফল করতে ভূমিকা রাখেন।
আয়োজকরা জানান, প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুস্থ প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং শিক্ষার মানোন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহল এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, এ ধরনের মেধাবৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং পড়াশোনায় মনোযোগী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।