
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রবিবার (১ অক্টোবর) সকালে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম এর সভাপতিত্বে ও অফিস সহকারী সাইদুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথির পক্ষে বক্তব্য রাখেন দোয়ারাবাজার সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম,
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবকরাই দেশের প্রধান চালিকাশক্তি। তাদের মেধা, শ্রম, উদ্ভাবনী চিন্তা ও কর্মদক্ষতাকে কাজে লাগাতে পারলে একটি উন্নত, সমৃদ্ধ ও আত্মনির্ভর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
বক্তারা আরও বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে যুবসমাজকে সময়োপযোগী শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও প্রযুক্তিগত জ্ঞানে দক্ষ করে গড়ে তুলতে হবে। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং উদ্যোক্তা তৈরিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তারা যুবসমাজকে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে থেকে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।
আলোচনা সভায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্থানীয় যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।