
আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহের সদর উপজেলায় মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুল ইসলাম।
সভায় উপজেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড, সরকারি বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, জনস্বাস্থ্য প্রকৌশল, সমাজসেবা ও যুব উন্নয়নসহ বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি জনসেবার মানোন্নয়ন, দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং আগামী মাসের কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকারিয়া হোসেন , স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,ডাঃ শাহজাহান কবির,উপজেলা প্রকৌশলী মোঃ রাকিব উল হাফিজ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম,সমাজ সেবা অফিসার আসাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাছিমা খাতুন, মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,, মৎস্য কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তাসহ গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। সাম্প্রতিক সময়ে মাদক, চুরি, বাল্যবিবাহ, ইভটিজিংসহ নানা সামাজিক সমস্যা নিয়ে মতবিনিময় হয়।
ওসি শিবিরুল ইসলাম এর পক্ষে ফাঁড়ি ইনচার্জ তার বক্তব্যে থানার কার্যক্রম তুলে ধরে বলেন, “কোতোয়ালী মডেল থানা সর্বদা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাদক ও অপরাধ দমনে আমরা ওসি শিবিরুল ইসলামের নেতৃত্বে জিরো টলারেন্স নীতিতে কাজ করছি।”
সভাপতির বক্তব্যে ইউএনও আরিফুল ইসলাম বলেন, “প্রশাসনের সব দপ্তরের মধ্যে সমন্বয় এবং দায়িত্বশীলতা নিশ্চিত হলেই জনগণের কাঙ্ক্ষিত সেবা প্রদান সম্ভব। মাসিক সভা সেই লক্ষ্যেই আমাদের একে অপরের কাজের অগ্রগতি যাচাই এবং ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
সভা শেষে বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রমের অগ্রগতি, কাজের গুণগত মান ও গতিশীলতা পর্যালোচনা করে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে আগামী মাসে বাস্তবায়নের জন্য বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।