
তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা,
২০০৬ সালের ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ কর্মসূচি ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখা।
বুধবার (২৮ অক্টোবর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা টাউন হল মাঠে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টাউন হল মাঠে এসে শেষ হয়।
কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য আবদুর সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে পরিচালনা ও সঞ্চালনা করেন নাছির উদ্দীন আহমেদ মোল্লা। এতে বক্তব্য রাখেন জামায়াতের মহানগর ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নাজমুল হাসান পঞ্চায়েত।
কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে লগি-বৈঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যাসহ যাঁরা সহিংসতা ও তাণ্ডব চালিয়েছিলেন, তাঁদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।