
রামগড় প্রতিনিধি ।।
খাগড়াছড়ির রামগড়ে দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে মানবিক সহায়তা প্রদান করেছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)। মঙ্গলবার (২৭ অক্টোবর) রামগড় জোন সদরে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি জনগোষ্ঠীর অসহায় মানুষের মাঝে বিভিন্ন ধরনের সহায়তা বিতরণ করা হয়।
রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি-এর সার্বিক দিকনির্দেশনায় এ কর্মসূচি পরিচালিত হয়।
সহায়তা কর্মসূচির আওতায় বসতঘর নির্মাণের জন্য ঢেউটিন, বিভিন্ন পূজামণ্ডপ ও বৌদ্ধবিহারে আর্থিক অনুদান, উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য খেলাধুলার সামগ্রী এবং দরিদ্র ও অসচ্ছল পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়া হয়। পাশাপাশি অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্যও আর্থিক সহায়তা প্রদান করা হয়।
৪৩ বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি-সম্প্রীতি রক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নে বাহিনীটি নিয়মিতভাবে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
দরিদ্র ও অসহায় মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি)।