
খলিলুর রহমান খলিলের, নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে একটি ছাত্রাবাসে অভিযান চালিয়ে হেরোইনসহ বাদশা মিয়া নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্থানীয় যুবদল ও স্থানীয়রা। পরে তাকে তারাগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের যদ্দিপাড়া এলাকার একটি ছাত্রাবাস থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাদশা মিয়া বদরগঞ্জ উপজেলার চাম্পাতলী এলাকার আলীয়ার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক বাদশা মিয়া কৌশলে কুর্শা ইউনিয়নের যদ্দিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা করে আসছিলেন। বিষয়টি স্থানীয় যুবসমাজের নজরে আসলে তারা তারাগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও রংপুর জেলা যুবদলের সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক রাসেল মন্ডল এবং যুবনেতা সাজিবুল ইসলাম সোহানকে অবহিত করেন।
পরে শুক্রবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে স্থানীয় যুবকদের সাথে নিয়ে রাসেল মন্ডল ও সাজিবুল ইসলাম শাওনের নেতৃত্বে যদ্দিপাড়ার ওই ছাত্রাবাসে অভিযান চালানো হয়। অভিযানে মাদক ব্যবসায়ী বাদশা মিয়াকে হেরোইনসহ হাতেনাতে আটক করা হয়। আটকের পর তাকে তারাগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে যুবদল নেতা রাসেল মন্ডল জানান, মাদকের বিরুদ্ধে তাদের এই সামাজিক প্রতিরোধ ও অবস্থান সর্বদা বজায় থাকবে। তরুণ সমাজকে রক্ষায় যেকোনো মাদক কারবারির বিরুদ্ধে তারা সোচ্চার থাকবেন।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইজার উদ্দিন মাদক ব্যবসায়ীকে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।