
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
চট্টগ্রামের পটিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. শাহাদাত হোসেন (৩৩) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে রক্তাক্ত জখম করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা ব্যবসায়ীকে উদ্ধার করে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শোভনদন্ডী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রশিদাবাদ গ্রামে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
জানা যায়, রশিদাবাদ গ্রামের আমির হোসেনের পরিবারের সাথে একই এলাকার প্রভাবশালী আবুল বশর ও তার অনুসারীদের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ ও কোন্দল চলে আসছিল। এ নিয়ে একাধিকবার উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তেজনা সৃষ্টি হয়।
পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার সকালে কামরুল হাসানের নেতৃত্বে হামলা চালিয়ে ভাঙচুর করা হয় । এ সময় ভাঙচুরে বাধা দিতে গেলে স্থানীয় ব্যবসায়ী মো. শাহাদাত হোসেনের ওপর তারা চড়াও হয়। একপর্যায়ে দা দিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম করা হয়।
ঘটনার বিবরণ জানিয়ে ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলে আহত ব্যবসায়ী মো. শাহাদাত হোসেন বাদী হয়ে পটিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পটিয়া থানার ডিউটি অফিসার এসআই আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জমির বিরোধের জের ধরে হামলার ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।