
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পঞ্চগড়ের সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে দিনরাত নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবির ৬ প্লাটুন সদস্য। পাশাপাশি ২৪ ঘণ্টা টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
রোববার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের শিকটিহাড়ি দুর্গামণ্ডপ পরিদর্শন করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। এ সময় তিনি মন্দির কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে বিজিবির পক্ষ থেকে মন্দির কমিটির সভাপতির হাতে উপহারসামগ্রী তুলে দেন।
মতবিনিময়কালে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে বা প্রয়োজনে বিজিবির নির্ধারিত নম্বরে যোগাযোগ করে সহযোগিতা নেওয়ার পরামর্শ দেন।
এরপর তিনি তোড়িয়া ইউনিয়নের বারঘাটি দুর্গামন্দির পরিদর্শন করেন। সেখানে মন্দির কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিজিবির পক্ষ থেকে উপহারসামগ্রী তুলে দেন।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্তবর্তী দুর্গাপূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ জন্য বিজিবির ৬ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পঞ্চগড়সহ সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি কাজ করছে। আমাদের টহল দল ২৪ ঘণ্টা সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছে। দুর্গাপূজা শেষ না হওয়া পর্যন্ত পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্যাপন নিশ্চিত করতে সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে নজরদারি ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে।