
মুনতাসীর মামুন, গলাচিপা (পটুয়াখালী): ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে যেকোনো বিচ্ছিন্ন ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রোধে সবাইকে বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১২ টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলা পরিষদ মিলনায়তনে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সনাতন ধর্মের নেতৃবৃন্দ এবং পূজামণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘‘আবহমানকাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে কোনো অশুভ মহল যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে কিংবা সেটিকে রাজনৈতিক রঙ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে প্রশাসন ও সাধারণ মানুষ উভয়কেই অত্যন্ত সজাগ থাকতে হবে।’’
গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবুজর মোঃ ইজাজুল হকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ।
সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং দুর্গাপূজায় সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বক্তব্য দেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মোঃ হাফিজুর রহমান ও উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, গণঅধিকার পরিষদ ও বিএনপির স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ থেকে আগত প্রতিনিধিবৃন্দ।