
।।গোলাম মোস্তফা রাঙ্গা।।
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষ্যে লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলায় নিরাপত্তা নিশ্চিত করতে ৪৭৬টি পূজা মণ্ডপে শতভাগ অনলাইনে রেজিস্ট্রেশনকৃত ও প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
জেলার সদর,আদিতমারি, কালিগঞ্জ, হাতিবান্ধা ও পাটগ্রাম প্রতিটি উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের সভাপতিত্বে মোতায়েন পূর্ববর্তী আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি পরিচালক মো: কামারুজ্জামান (অধিনায়ক, লালমনিরহাট আনসার ব্যাটালিয়ন) এবং জেলা কমান্ড্যান্ট এ.এস.এম সাখাওয়াৎ হোসাইন আনসার-ভিডিপি সদস্যদের শারদীয় সুরক্ষা অ্যাপস সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি পূজামণ্ডপে দায়িত্ব পালনের সময় নিরাপত্তা বজায় রাখা, সতর্ক থাকা এবং দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের বিষয়ে সার্বিক দিকনির্দেশনা প্রদান করেন।
এ বছর শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলায় সাধারণ, গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ মোট ৪৭৬টি পূজামণ্ডপে ৩০৯৮জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।