
কে এম সাইফুর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা - ২০২৬ উপলক্ষে পূজামন্ডপসমূহের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আরিফ-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার এস এম মাহাতাব উদ্দিনের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হবীবুল্লাহ, বিপিএম -সেবা, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমান, কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার শাহিন মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিরুল ইসলাম, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, উপজেলার সকল পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এ সময়, উপজেলার ৩০৭টি দূর্গামন্দিরের পূজা উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে শেষ করতে করণীয় সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়। পরে তারা সকলে মিলে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।