
মোঃ জুনায়েদ খান সিয়াম, উজিরপুর প্রতিনিধিঃ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫ টায় উপজেলার রসুলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা অতিথিদের ফুল দিয়ে বরন করেন।
বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেক কনকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ দেলোয়ার হোসেন। উজিরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. কামরুল ইসলাম, বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউ জামান, উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা ও উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রকিবুল ইসলাম।
সভায় মৎস্যজীবী গ্রাম সংগঠনের সদস্যরা অংশ নেন। এ সময় দেশের পুষ্টিচাহিদা পূরণে মাছের গুরুত্ব, মৎস্যসম্পদের টেকসই ব্যবস্থাপনা এবং মৎস্যজীবীদের আর্থসামাজিক উন্নয়ন নিয়ে আলোচনা করা হয়।