
আজিজুল ইসলামঃ যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে মুরগির বাচ্চাবাহী একটি কাভার্ডভ্যান সড়কের পাশের রেইনট্রি কড়ইগাছে সজোরে ধাক্কা দিয়েছে। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের হেলপার আরিফ হোসেন (৩৫) নিহত এবং চালক রানা (৪০) গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের উলাশী খাজুরা জামে মসজিদের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হেলপার আরিফ হোসেন বগুড়া জেলার শেরপুর থানার নয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক রানা একই জেলার ধুনট থানার চরশিমুল গ্রামের মজনু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে নাভারণ থেকে সাতক্ষীরাগামী মুরগির বাচ্চাবাহী কাভার্ডভ্যানটি খাজুরা জামে মসজিদের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। একপর্যায়ে গাড়িটি সড়কের পাশে থাকা একটি কড়ইগাছে সজোরে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে গাড়িতে থাকা চালক ও হেলপার দুজনেই ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন।
সংবাদ পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. নিজাম উদ্দিন হেলপার আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।