
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের ভামদা গ্রামে টাঙ্গন নদীর ওপর প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত চেরকুরবাট সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সেতুটি চালু হওয়ায় কোষারানীগঞ্জ ও সৈয়দপুর ইউনিয়নের ১৭টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের নদী পারাপারের দুর্ভোগ কমবে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান জাহিদ সেতুটির উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. ওয়ালিউর রহমান মিঠুর সঞ্চালনায় বক্তব্য দেন এলজিইডি ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী মো. সফিকুল আলম, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম, পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন প্রামাণিক, পীরগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু এবং কোষারানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু গৌতম চন্দ্র রায়।
উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম বলেন, সেতুটি নির্মাণের ফলে কোষারানীগঞ্জ ও সৈয়দপুর ইউনিয়নের ১৭টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের নদী পারাপার সহজ হবে। পাশাপাশি ওই এলাকার যোগাযোগ ব্যবস্থায়ও নতুন গতি আসবে।