
কেশবপুর (যশোর) প্রতিনিধি:
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের ৩৫৩ জন শিক্ষার্থীর হাতে নিজস্ব অর্থায়নে নতুন ইউনিফর্ম তুলে দিয়েছেন বিদ্যালয়টির সভাপতি মেহেরুন্নেসা।
সোমবার (৫ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এসব ইউনিফর্ম বিতরণ করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের সভাপতি মেহেরুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফিরোজ আহমেদ, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল খালেক, সাগরদাঁড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আকরাম খান ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।
এ সময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম কুমার দত্ত, শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিদ্যালয়ের প্রতি আগ্রহ ও শৃঙ্খলাবোধ বাড়াতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের ইউনিফর্ম দেওয়ার উদ্যোগটি শিক্ষাবান্ধব ও প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ সমাজের অন্য বিত্তবান ও শিক্ষানুরাগী ব্যক্তিদেরও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।