
আজিজুল ইসলাম,বেনাপোলঃ যশোর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, কসমেটিক্সসহ বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৬৯ হাজার ৭২৫ টাকা।
শুক্রবার (২ অক্টোবর) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়খালী চেকপোস্টের পৃথক দুটি টহলদল সীমান্ত এলাকায় এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৩৩টি শাড়ি, ১৮টি থ্রি-পিস, ৫টি বালিশের কভার, ৫টি বিছানার চাদর, ৬৮৬টি কসমেটিক্স সামগ্রী, ৫০০ গ্রাম জিরা, ১ কেজি কিসমিস এবং ১ প্যাকেট ফুচকা জব্দ করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার রোধে বিজিবির বিশেষ পরিকল্পনার অংশ হিসেবে গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই সাফল্য এসেছে। দেশের সীমান্ত সুরক্ষায় চোরাচালানবিরোধী এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।