
হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় বহুল আলোচিত সেই পুলিশ ভ্যানটি উদ্ধার করেছে থানা পুলিশ। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান চলাকালে গত ৫ আগস্ট আশুলিয়ায় যে পুলিশ ভ্যানে ৬টি লাশের স্তূপ করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিলো, ৬ জন ছাত্র-জনতার দেহে আগুন ছিলো ভয়ংকর পরিস্থিতি, অবশেষে সেই বহুল আলোচিত পুলিশ ভ্যানটির সন্ধান মিলেছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকালে একটি জমি উচ্ছেদ অভিযান চলাকালে একটি অস্থায়ী ডাম্পিং স্টেশন থেকে পোড়া এই গাড়িটি লোকচক্ষুর সামনে আসে।
জানা যায়, সকালে আশুলিয়ার বাইপাইল ত্রিমোড় এলাকায় আশুলিয়া রাজস্ব সার্কেলের (ভূমি) সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিবুল্লাহ আকনের নেতৃত্বে জমি উদ্ধার অভিযান চালানো হয়। এ সময় সেখানে থাকা পুলিশের একটি অস্থায়ী ডাম্পিং স্টেশন খালি করার কাজ শুরু হলে আড়ালে ঢাকা পড়ে থাকা সেই পোড়া ভ্যানটি উন্মোচিত হয়।
এদিকে, ভয়াল সেই ঘটনার নির্মম সাক্ষী ভ্যানটির খোঁজ মেলার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বাইপাইল এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘জুলাই যোদ্ধা’ ও স্থানীয় সাধারণ মানুষ সেখানে জড়ো হতে শুরু করেন। তারা গাড়িটিকে জুলাই গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক সাক্ষী হিসেবে সংরক্ষণের দাবি জানান।
ঘটনাস্থলে উপস্থিত আন্দোলনকারী আবিদুল আফিফ বলেন, আশুলিয়া থানার সামনে গত ২০২৪ এর ৫ই আগস্ট আমাদের ছয়জন ভাইকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছিলো, যার মধ্যে একজন জীবিত অবস্থায় ছিলেন। সেই ঘটনার পর থেকেই আমরা এই গাড়িটির খোঁজ করছিলাম। আজ জানতে পারলাম এটি নাকি ডাম্পিং এলাকা থেকে অন্য কোথাও সরিয়ে নেওয়া হচ্ছিল। আমাদের দাবি, আশুলিয়ার এই নির্মমতার স্মৃতি, আওয়ামী সন্ত্রাসী ও পুলিশের নারকীয়তার স্মারক হিসেবে এই ভ্যানটিকে অবিলম্বে ‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবী।