
কেশবপুর (যশোর) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনার কবল থেকে অল্পের জন্য বেঁচে গেলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বর্তমান সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব। ঢাকা থেকে সাতক্ষীরায় সড়ক পথে যাওয়ার সময় যশোর-সাতক্ষীরা মহা সড়কের কেশবপুরের তালতলা নামক স্থানে পৌঁছালে তার বহনকারী গাড়ির সাথে মাছ বোঝায় একটি পিক আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান।
কেশবপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস জানান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা -১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সড়ক পথে জেলা পরিষদের পাজেরো স্পোর্টস গাড়ি চড়ে ঢাকা থেকে সাতক্ষীরা যাচ্ছিলেন। ২৯সেপ্টেম্বর (মঙ্গলবার) রাতে যশোর-সাতক্ষীরা মহা সড়কের কেশবপুরের তালতলা নামক স্থানে পৌঁছালে তার বহনকারী গাড়ির সাথে চুকনগর থেকে ছেড়ে আসা একটি মাছ বোঝায় পিক আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনিসহ গাড়ির ভেতর থাকা তাঁর সফর সঙ্গীরা অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেও তার বহনকারী গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘাতক পিকআপটি পালিয়ে যায়।
এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান বলেন সড়ক দুর্ঘটনার বিষয়ে আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে দেখা হবে।