
আজিজুল ইসলাম,যশোরঃ যশোরের শার্শার বাগআঁচড়া বাবু মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ রিপন (৪১) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বাগআঁচড়া বাবু মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে গভীর রাতে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
আটক রিপন যশোরের শার্শা থানার বসতপুর গ্রামের মোঃ আব্দুল মান্নানের ছেলে।
জানাযায়,, গতকাল বেলা ১২ টার দিকে সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে রুদ্রপুর বিওপির বিজিবি সদস্যরা বাগআঁচড়া বাবু মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে রিপনকে আটক করে রুদ্রপুর বিওপিতে নিয়ে আসে। পরবর্তীতে তার কাছে থাকা ৩৪০০.৩৮ গ্রাম ওজনের ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এছাড়া তার ব্যবহৃত ২টি মোটরসাইকেল, ২টি মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। মোটরসাইকেল, মোবাইল ও স্মার্ট ঘড়িসহ জব্দকৃত মোট মালামালের সর্বমোট সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা।
এ বিষয়ে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা জোরদার করা হয়েছে। আটককৃত স্বর্ণের বারগুলো যশোর ট্রেজারি অফিসে এবং অন্যান্য মালামালসহ আসামীকে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের সীমান্তে সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।