
আজিজুল ইসলাম: যশোরের শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলার এজাহারভুক্ত সন্দিগ্ধ এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি কায়বা ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা ও বর্তমান ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর ২০২৬ (মঙ্গলবার) সন্ধ্যা ৭:১০ ঘটিকার সময় শার্শা থানার এসআই (নিঃ) আশীষ সরকার ও এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ধান্যতাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ধান্যতাড়া গ্রামস্থ নিজ বসতবাড়ি থেকে অভিযুক্ত মোঃ আব্দুল মান্নান (৫২)-কে গ্রেফতার করা হয়। তিনি ধান্যতাড়া গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে।
আব্দুল মান্নান ০৭নং কায়বা ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাধারণ সম্পাদক এবং একই ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য হিসেবে দায়িত্বে রয়েছেন।
শার্শা থানার এফআইআর নং-২৩ (তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬), জি আর নং-৩০২ (তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৬)-এ ১৯৭৪ সালের দ্য স্পেশাল পাওয়ারস অ্যাক্ট (বিশেষ ক্ষমতা আইন)-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং ১৯০৮ সালের দ্য এক্সপ্লোসিভ সাবস্টেনসেস অ্যাক্ট (বিস্ফোরক উপাদান আইন)-এর ৩/৪/৬ ধারায় দায়েরকৃত মামলায় তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামী হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পুলিশ জানায়, ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ধৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বর্তমানে শার্শা থানা এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অপরাধ দমনে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।