
আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে বিদেশি মদ ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপি টহল দল এই আভিযানিক কার্যক্রম পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় পরিচালিত মাদক ও চোরাচালানবিরোধী এ অভিযানে ৪৩ বোতল বিদেশি মদ, ২৯টি শাড়ি, ১টি থ্রি-পিস, ৪টি কম্বল, ২টি শালচাদর, ১ কেজি জিরা, ৯ প্যাকেট ফুচকা, ৩.৫ কেজি কিসমিস এবং ৪২টি কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ গোয়েন্দা তৎপরতা এবং অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। সীমান্তে সব ধরনের অপতৎপরতা বন্ধে বিজিবির এই কঠোর অবস্থান ও আভিযানিক কার্যক্রম অব্যাহত থাকবে।