
খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই জুয়াড়িকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নের খিয়ারজুম্মা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথভাবে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোনাব্বর হোসেন। অভিযানে তারাগঞ্জ থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।গ্রেপ্তারকৃতরা হলেন আলমপুর ইউনিয়নের ভবানীগঞ্জ এলাকার বাসিন্দা মনছেদুল ইসলাম (৪২) এবং একই ইউনিয়নের খিয়ারজুম্মা এলাকার বাসিন্দা সাদিকুল ইসলাম (২২)।পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খিয়ারজুম্মা এলাকায় জুয়ার আসর বসার গোপন খবর পেয়ে শনিবার সন্ধ্যায় সেখানে আকস্মিক অভিযান চালায় প্রশাসন। এ সময় জুয়ার আসর থেকে হাতেনাতে মনছেদুল ও সাদিকুলকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত দুজনকে তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আলমপুর ইউনিয়নের খিয়ারজুম্মা এলাকায় জুয়ার আসর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলাসহ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাব্বর হোসেন জানান, এলাকায় সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, মাদক ও জুয়া নির্মূলে প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।