
মোঃ নাঈম মল্লিক, ঝালকাঠি প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র আওতায় স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ঝালকাঠির নলছিটি উপজেলার ৪ নম্বর রানাপাশা ইউনিয়ন পরিষদে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রানাপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়নের ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৪০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এসব চারা তুলে দেন রানাপাশা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম লাবু।
এ সময় রানাপাশা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক হাবিব খলিফা, সহ-সভাপতি মোতালেব হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুলফিকার আলী জুলহাস সিকদার, ছাত্রনেতা হাসিব বিল্লাহ, ঝালকাঠি জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আরিফুর রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিতরণ করা চারাগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে শুধু ক্যাম্পাসের সৌন্দর্য ও সবুজায়ন বৃদ্ধি নয়, শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।