
আজিজুল ইসলাম, যশোর প্রতিনিধি: সারা দেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউনিয়ন যুবদল।
বৃহস্পতিবার বিকেলে বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে থেকে ইউনিয়ন যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বাগআঁচড়া বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফুলতলায় গিয়ে শেষ হয়। পরে ময়ূরী সিনেমা হলের সামনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাগআঁচড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা হাসানুজ্জামানের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন।
সমাবেশে তিনি বলেন, "দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যেকোনো অপচেষ্টা রাজনৈতিকভাবে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করা হবে। কোনো ষড়যন্ত্রের কাছে মাথা নত করে দেশের স্বাভাবিক পরিবেশ নষ্ট হতে দেওয়া হবে না।" তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তহিদুল ইসলাম তৌহিদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন নিপু, সদস্য আসাদ, বাগআঁচড়া কলেজ ছাত্রদলের সভাপতি শাহিন আক্তার, কায়বা ইউনিয়নের সাবেক যুবদল নেতা কামরুল হাসান মিঠু এবং সাবেক ছাত্রদল নেতা মহিদ ও আয়ুব আলীসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ থেকে বক্তারা দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা রক্ষা করার জোর দাবি জানান এবং যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।