
আজিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি: যশোরের শার্শায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ২ জন শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে পুনর্বাসনের লক্ষে দুইটি ভ্যান গাড়ি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এই ভ্যান গাড়িগুলো বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ।
জানা গেছে, সরকারের ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির অংশ হিসেবে শার্শা উপজেলার দুইজন ভিক্ষুককে এই ভ্যান গাড়ি প্রদান করা হয়েছে। এঁরা হলেন উপজেলার নিজামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম (৫৫) এবং ডিহি ইউনিয়নের ১নং ওয়ার্ডের রহিমা খাতুন (৪৫)।
ভ্যান গাড়ি পেয়ে আনন্দিত সিরাজুল ইসলাম ও রহিমা খাতুন। তাঁরা বলেন, “আমরা এতদিন ভিক্ষা করে চলতাম। এখন এই ভ্যান গাড়ি দিয়ে আমরা নিজেরাই রোজগার করতে পারবো।”
ইউএনও ফজলে ওয়াহিদ বলেন, “ভিক্ষুকদেরকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সরকারের এই কর্মসূচি খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করি এই ভ্যান গাড়িগুলোর মাধ্যমে তাঁরা নিজেরা স্বাবলম্বী হবে।”
বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল খালেক, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ আরও অনেকে।