
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ ২১ সেপ্টেম্বর রোজ সোমবার বিকেল ৩ ঘটিকায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার ওয়াপদা মোড় এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ জুয়েল মিয়া (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নীলফামারী।
উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ৬ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নীলফামারী জেলা কার্যালয় সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে উপপরিদর্শক (এসআই) সাকিব সরকারের নেতৃত্বে একটি দল ওয়াপদা মোড় এলাকায় অবস্থান নেয়।
এ সময় রংপুর থেকে সৈয়দপুরগামী ‘মেহেদী দেবীগঞ্জ ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে বাসের যাত্রী জুয়েল মিয়ার কাছে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতর থেকে বাদামি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো সাতটি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটগুলো খুলে মোট ১৫ কেজি শুকনো গাঁজা পাওয়া যায়।
অভিযানে জুয়েল মিয়ার কাছ থেকে একটি পুরোনো Bengal বাটন মোবাইল ফোন, একটি বাসের টিকিট ও দুটি টোকেনও জব্দ করা হয়।
গ্রেপ্তার জুয়েল মিয়া জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার বাসিন্দা। ডিএনসি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
উদ্ধার করা গাঁজা থেকে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।
বাকি আলামত জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জুয়েল মিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেওয়া ডিএনসির উপপরিদর্শক সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মামলাটি দায়ের করেন।
পুলিশ ও ডিএনসি সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।