
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে পৃথক ঘটনায় সাজেদা বেগম (৩০) ও সিদ্দিকা খাতুন (২৩) নামে দুই নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিদ্দিকা খাতুনের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা হয়েছে।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানুল্লাহ। এর আগে রোববার রাতে উপজেলার সোনারায় ইউনিয়নের পূর্ব শিবরাম গ্রাম থেকে মরদেহ ২টি উদ্ধার করা হয়।
মৃত সাজেদা বেগম পূর্ব শিবরাম গ্রামের আউয়াল মিয়ার স্ত্রী এবং সিদ্দিকা খাতুন নেংটিপাড়া এলাকার হিরা মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে সিদ্দিকা খাতুনকে নিজ বাড়ির টিনের ঘরের ধড়নার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এরপর রাত সাড়ে ৮টার দিকে একই ইউনিয়নের পূর্ব শিবরাম গ্রামের নিজ বাড়ি থেকে সাজেদা বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাগুলো আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়না তদন্তের পর জানা যাবে।
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, পৃথক ঘটনায় দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সিদ্দিকা খাতুনের ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলা হয়েছে। অপর ঘটনায় আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।