
আজিজুল ইসলাম, বেনাপোল যশোরঃ যশোরের বেনাপোল পৌর গেট সংলগ্ন এলাকা থেকে এক অজ্ঞাতনামা (৫০) নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে তার কোনো পরিচয় বা ওয়ারিশ না পাওয়ায় স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় দাফন সম্পন্ন করা হয়েছে।
শুক্রবার বিকেলে বেনাপোল পৌর গেটের উত্তর পাশের একটি খোলা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারী দীর্ঘদিন ধরে পৌর গেট ও তার আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন। তিনি ভবঘুরে এবং মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারণা করছেন এলাকাবাসী। তবে তিনি স্থানীয় বাসিন্দা না হওয়ায় তার নাম-পরিচয় বা কোনো স্বজনের সন্ধান পাওয়া যায়নি।
শুক্রবার বিকেলে মাঠের মধ্যে তাকে নিস্তেজ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে কোনো পরিচয় না মেলায় পুলিশের সহায়তায় স্থানীয়রাই মরদেহের দাফনের ব্যবস্থা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে স্থানীয়দের সহযোগিতায় দাফন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। তবে ফিঙ্গারপ্রিন্ট (হাতের ছাপ) সংগৃহীত হওয়ায় জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের মাধ্যমে মৃত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।